পিবি-৫৬০ ছাড়াও নিজস্ব ২ মডেলের ভেন্টিলেটর বানিয়েছে ওয়ালটন

২৮ এপ্রিল, ২০২০ ০৩:৩৭  
শ্বাসকষ্টের রোগীদের বিকল্প পন্থায় শ্বাস-প্রশ্বাস চালু রাখতে তিন মডেলের তিনটি ভেন্টিলেটরের প্রোটোটাইপ তৈরি করেছে দেশীয় প্রযুক্তি কোম্পানি ওয়ালটন। এর মধ্যে একটি বিশ্বখ্যাত মেডিক্যাল ডিভাইস কোম্পানি মেডিট্রনিক্স-এর পিবি-৫৬০ নকশায় তৈরি করলেও বাকি দু’টি নিজস্ব মডেলে তৈরি করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে প্রোটোটাইপটির ক্লিনিক্যাল টেস্টের ঘোষণা দেবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর আগে গত ৩১ মার্চ একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেডিট্রনিক্স তাদের পিবি-৫৬০ মডেলের ভেন্টিলেটরের প্যাটেন্ট, ডিজাইন এবং সোর্স কোড তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কাছে হস্তান্তর করে। আর মেডিট্রনিক্সের হায়দ্রাবাদের রিসার্চ অ্যান্ড ডেলেপমেন্ট টিমের সরাসরি তত্বাবধানে ওয়ালটনের গাজীপুর কারখানায় প্রস্তুত করা হয় তিনটি মডেলের ভেন্টিলেটরের প্রোটোটাইপ। এছাড়াও উদ্ভূত পরিস্থিতিতে জীবন রক্ষাকারী ভেন্টিলেটর, পিএপিআর (পাওয়ার এয়ার পিউরিফায়ার রেসপিরেটর), অক্সিজেন কনসেনট্রেটর, ইউভি ডিসইনফেকট্যান্ট, সেফটি গগলস, প্রোটেকটিভ শিল্ড, রেসপিরেটরি মাস্ক ইত্যাদি চিকিৎসা সরঞ্জাম তৈরিতে কাজ করছে ওয়ালটন।